প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৫৭ পিএম

৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের তারিখ নির্ধারণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে হবিগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিশাল আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টায় পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা বিএনপির সদ্য পদত্যাগকারী যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী বলেন, জেলা বিএনপির অধীনস্থ ৮টি উপজেলা এবং ৫টি পৌরসভায় গোপন ব্যালটে সুপার ফাইভ নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন। কিন্তু যারা পকেট কমিটি বলছেন, তারা জেলা কাউন্সিলকে বানচাল করতে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, গত ১১ আগস্ট জেলা বিএনপির সভায় প্রস্তাবিত তালিকা থেকে নির্বাচনি কমিশন গঠন করা হয়েছে। যারা কমিশন বিতর্কিত করার চেষ্টা করছেন, তারা আসলে কাউন্সিল চায় না। কারণ তাদের দলের নেতাকর্মীদের সাথে সম্পর্ক নেই এবং তারা বিগত আন্দোলনে ছিলেন না।
সভায় জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আজিজুর রহমান, বানিয়াচং উপজেলা সভাপতি মুজিবুল হোসেন মারুফ, চুনারুঘাট উপজেলা সভাপতি এডভোকেট মনিরুর ইসলাম প্রমুখ।
মিছিল ও পথসভায় অংশগ্রহণকারীরা দেশ-দলের উন্নয়ন ও সুসংগঠিত কাউন্সিলের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ