প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:০১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচন সফল হবে। এটি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি মাইলফলক।
নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম প্রথম স্তরে, পুলিশ দ্বিতীয় স্তরে এবং বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে। প্রয়োজনে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবে।
এ ছাড়া নির্বাচনী নির্দেশনায় বলা হয়েছে—
নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না।
নির্বাচনের দিন ক্যাম্পাস সম্পূর্ণ সিলগালা থাকবে।
কেবল বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন।
ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে অতিরিক্ত বাস সার্ভিস চালু করা হবে।
ডিএমপির বরাত দিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশ টহল ও গোয়েন্দা কার্যক্রম ইতোমধ্যেই জোরদার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ