প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:১০ পিএম

ব্রাজিল থেকে কেজিপ্রতি ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দেশীয় খামারিদের স্বার্থরক্ষা এবং জনগণকে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহে অঙ্গীকারবদ্ধ। বর্তমানে বিদেশ থেকে মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল থেকে সস্তায় মাংস আমদানির খবর ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভ্রান্ত ও যাচাইকৃত নয় এমন সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। জনগণকে এসব প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক ও ৬ লাখেরও বেশি মৌসুমি খামারি কোরবানির পশু উৎপাদন করে থাকেন। শতভাগ কোরবানির পশুর চাহিদা দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হয়েছে।
মাংস একটি অতি-পচনশীল প্রাণিজাত পণ্য; কার্যকর কোল্ড চেইন অবকাঠামোর অভাবে বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিদেশ থেকে আমদানির মাধ্যমে ক্ষুরারোগ, ল্যাম্পি স্কিন ডিজিজ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও ই-কোলাইয়ের মতো মারাত্মক রোগজীবাণু দেশে প্রবেশের আশঙ্কা রয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, সরকার ইতোমধ্যে গবাদিপশুর জাত উন্নয়ন, টিকা সরবরাহ, ভ্যালু চেইন উন্নয়ন ও রপ্তানিমুখী খামার গড়ে তোলার কার্যক্রম চালু করেছে। এ অবস্থায় বিদেশ থেকে মাংস আমদানি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে ব্যাহত করবে।
সূত্র: বাসস
স্বদেশ প্রতিদিন/ আরএফ