প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১:৩৩ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিংগুলী ইউনিয়নের আজম নগর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, মুখোশ পরা ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে।
ভুক্তভোগী কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম জানান, তারা মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল। কারও হাতে রিভলবার, কারও হাতে চাপাতি, আবার কারও হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল। আমাদের হাত-পা বেঁধে ঘরে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৩০ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় বেড়াতে আসা পরিবারের এক সদস্য শাহাদাত হোসেনও ডাকাতদের কবলে পড়েন। তিনি বলেন, ‘আমার হাত বেঁধে তারা আমার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।’
ডাকাতরা প্রায় আধা ঘণ্টা ধরে ঘরের ভেতরে তাণ্ডব চালায় এবং নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। পরে ভোরে বাসার লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা খবর পাওয়ার পর থেকেই কাজ শুরু করেছি এবং ঘটনাস্থলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম