প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১:০২ পিএম

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়েনার এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের মূল্য আনুমানিক ১৩০ কোটি টাকা।
গতকাল সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই বিদেশি নাগরিকের নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে। বলা হয়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছে। এই উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। গোয়েন্দারা যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যানিং করেন। ব্যাগেজে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পান তাঁরা।’
এতে বলা হয়, পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটির পরীক্ষায়ও এগুলো কোকেন বলে প্রমাণিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোকেনসহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম