
সংগৃহীত ছবি
শরৎ ঋতু শুরু হলেও রোদ কমছে না। আকাশ পরিষ্কার থাকলে প্রতিদিনই তীব্র রোদ পড়ছে। পর্যাপ্ত সূর্যালোক ত্বকের জন্য উপকারী, তবে দীর্ঘ সময় সরাসরি রোদ পড়লে ত্বক লালচে হওয়া, ঘামাচি, চুলকানি ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা থেকে বাঁচতে সানস্ক্রিন একটি কার্যকর সমাধান।
অতিবেগুনি রশ্মির প্রভাব
বিশেষজ্ঞরা বলছেন, ইউভি-এ এবং ইউভি-বি দুই ধরনের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। ইউভি-এ ত্বকের গভীর স্তরে প্রবেশ করে ত্বক কুঁচকে যাওয়া, ডিএনএ-এর ক্ষতি এবং বয়সের তুলনায় ত্বকে বেশি ভাঁজ পড়ার মতো সমস্যা সৃষ্টি করে। ইউভি-বি মূলত ত্বকের উপরের স্তরে প্রবেশ করে সানবার্ন এবং এমনকি ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
সানস্ক্রিন কীভাবে কাজ করে
সানস্ক্রিন ত্বকের উপরে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এবং অতিবেগুনি রশ্মিকে ত্বকে প্রবেশ করতে দেয় না। বাজারে দুই ধরনের সানস্ক্রিন প্রচলিত:
ফিজিক্যাল সানস্ক্রিন: এতে থাকে জিংক অক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড, যা রশ্মি প্রতিফলিত করে ত্বকের গভীরে প্রবেশে বাধা দেয়।
কেমিক্যাল সানস্ক্রিন: অক্সিবেনজোন বা অক্টোক্রাইনসহ উপাদানগুলো রশ্মিকে তাপে রূপান্তরিত করে ত্বকের বাইরে রাখে।
বাংলাদেশের প্রেক্ষাপট
বাংলাদেশের মতো ক্রান্তীয় অঞ্চলে সূর্যের আলো বছরের বেশিরভাগ সময় সরাসরি পড়ে, ফলে অতিবেগুনি রশ্মির পরিমাণ অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। দীর্ঘ সময় বাইরে থাকলে ত্বকের সমস্যা যেমন কালো দাগ, অসামঞ্জস্যপূর্ণ ত্বকের রঙ, মেলাসমা বা ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে। এছাড়া বেশি জলীয় বাষ্পের কারণে ঘাম, চুলকানি এবং লোমকূপ বন্ধ হওয়ার সমস্যা দেখা দিতে পারে।
সানস্ক্রিন ব্যবহারের নিয়ম
সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি:
পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা, মুখ ও কাঁধের জন্য অন্তত এক চা চামচ।
ঘাম, পানি বা হাতের ঘষার কারণে সানস্ক্রিন উঠে যেতে পারে; তাই দুই ঘণ্টা অন্তর পুনরায় ব্যবহার করা।
ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা, যা ইউভি-এ ও ইউভি-বি দুই রকম রশ্মি থেকে রক্ষা করে।
কেমিক্যাল সানস্ক্রিন ব্যবহার করলে প্রয়োগের ১৫ মিনিট পর কার্যকর হয়।
সঠিক এসপিএফ নির্বাচন করা। উদাহরণস্বরূপ, এসপিএফ ৩০ প্রায় ৯৭% এবং এসপিএফ ৫০ প্রায় ৯৯% ক্ষতিকর রশ্মি প্রতিহত করে।
বাংলাদেশের আবহাওয়া এবং সূর্যের আলোর সরাসরি প্রভাব অনেক সময় অবহেলিত হয়। তবে দীর্ঘমেয়াদে রোদের ক্ষতিকর প্রভাব ত্বকে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। নিয়মিত মানসম্মত সানস্ক্রিন ব্যবহার স্বল্প ও দীর্ঘমেয়াদে ত্বককে সুরক্ষা দেয়।
স্বদেশ প্রতিদিন/ এমএএম