প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৫:৫৬ PM

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১৫৬টি অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বর্তমানে ৯৭টি শূন্য। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পাঠদানের মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শূন্য থাকা ৯৭টির মধ্যে ২৯টি পদে চলতি দায়িত্বে থাকা শিক্ষক রয়েছেন। মামলা-জনিত কারণে ১৩টি পদে নিয়োগ স্থগিত রয়েছে। ফলে কার্যত ৫৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এই ৫৫টি শূন্যপদের মধ্যে ৪৮টি পদ পদোন্নতির মাধ্যমে এবং ৭টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য।
শিক্ষকরা জানিয়েছেন, “প্রধান শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে শিক্ষকদের পালাক্রমে ক্লাস নিতে হচ্ছে। ফলে শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ পড়ছে এবং শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “প্রতিদিন ক্লাস নেওয়া ও প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে কোনো কাজই ঠিকমতো করা সম্ভব হচ্ছে না।” অভিভাবকরাও শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার জানান, “বিভিন্ন কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি বন্ধ রয়েছে। প্রধান শিক্ষক নিয়োগের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত পদ পূরণ হবে, যদিও মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ