প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:৫১ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো জয়কা মোটরসাইকেল-টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ঐতিহাসিক জয়কা ফুটবল মাঠে আয়োজিত এই ফাইনালকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মাঠের চারপাশে ও আশপাশের সড়কে জায়গা না পেয়ে দর্শকরা বাড়ির ছাদ, গাছের ডাল এমনকি বৈদ্যুতিক খুঁটির ওপর বসেও খেলা উপভোগ করেন। দর্শক সমাগম সামলাতে মাঠে দায়িত্ব পালন করেন পুলিশ, সেনাবাহিনী এবং দুই শতাধিক স্বেচ্ছাসেবক।
রুদ্ধশ্বাস ম্যাচে কিশোরগঞ্জ সদরের বিন্নাটি মহিউদ্দিন মাখন একাদশ ১-০ গোলে হারায় করিমগঞ্জের জয়কা ইউনিয়নের নানশ্রী এডভোকেট খোকন একাদশকে। এর মাধ্যমে তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিজয়ী দলের অধিনায়কের হাতে মোটরসাইকেলের চাবি এবং রানার্সআপ দলের অধিনায়কের হাতে টেলিভিশন তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফাইনালের উদ্বোধক শেখ আসাদুজ্জামান খোকন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিউজ্জামান শফি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. আবু তাহের ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক মো. জাকারিয়া ও ঐতিহাসিক জয়কা মাঠের সভাপতি হাজী এনায়েত শেখসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ