প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৫:৩০ পিএম

লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে পৌরসভার সাবেক চেয়ারম্যান ও দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মজির আহমদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত নির্বাচনে মজির আহমদ বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু। কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন, এর মধ্যে ভোট প্রদান করেন ৫৯৮ জন। বাতিল ভোটের সংখ্যা ছিল ৪।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম। লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম মানুর সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি)। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, নজরুল হক ভুঁইয়া স্বপনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, লাকসামে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ