প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:২৬ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৩:৩৪ PM

সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
নওগাঁর সাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।
পতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা মো. আলতাব হোসেন জানান, রাত আড়াইটার দিকে তার বাড়ির ছালে আগুন লেগে দ্রুত পুরো ঘর ও আসবাবপত্র, ধান-চাল, কাপড়, হাঁস-মুরগী, টাকা-পয়সা, কোরআন-হাদিসসহ প্রায় ১৫–২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। একই অগ্নিকাণ্ডে তার তিন ছেলে আতিক বাবু, মেসবাউল হক ও সাখাওয়াত হোসেনের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা জানিয়েছেন, সাপাহার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও কাঁচা রাস্তা ও যোগাযোগের সমস্যা থাকায় ফায়ার সার্ভিসের দল সময়মতো পৌঁছাতে পারেনি।