প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:৩৮ AM

সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। আমদানি হওয়া মরিচ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
ভারতের বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ৮০ থেকে ৯০ রুপি। এছাড়া প্রতি কেজি ৩৭ টাকা শুল্ক দিতে হচ্ছে। এ কারণে হিলি বন্দরের পাইকারী বাজারে এসব মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। দাম বৃদ্ধি নিয়ে পাইকাররা উদ্বিগ্ন।
আজ শনিবার (২৩ আগস্ট) হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়।
আমদানিকারকরা জানান, দেশে চলমান বন্যার কারণে স্থানীয় কৃষকের মরিচের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কাঁচামরিচের সংকট সৃষ্টি হয়েছে এবং বাজারে চাহিদা বেড়েছে।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, শেষ ছয় দিনে ভারত থেকে ৭২টি ট্রাকে প্রায় ৬১৮ মেট্রিক টন কাঁচামরিচ হিলি বন্দরে প্রবেশ করেছে।