প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:৫৬ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই রুটে বাস চলাচল করবে আগের মতো ৫০ টাকায়।
আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে এক বিবৃতিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা জানান।
ডিসি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত স্থগিত করা হলো। তাই এই পরিবহনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।
এর আগে ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এই রুটের ভাড়া পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণার পর নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তীব্র প্রতিবাদ জানান।