প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:৩৭ AM

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বড় আকারে অন্তর্ভুক্ত করা হবে। এ প্রসঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও গণহত্যাকারী হিসেবে পাঠ্যবইয়ে যুক্ত হবে, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে জানান, “প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।”
পোস্টের সঙ্গে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফ্রেমে লেখা রয়েছে— “বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।”
এর আগে, ২০২৫ সালের পাঠ্যপুস্তকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয় এবং বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি ও উক্তি বাদ দেওয়া হয়। এই পরিবর্তনের মাধ্যমে পাঠ্যবইতে ইতিহাসের নতুন চিত্র উপস্থাপিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ