প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৩৮ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৭:৫০ PM

সাতক্ষীরার বিধবার বাড়ি ভাঙচুর অভিযোগ যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে
সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের বিধবা মোছা. মর্জিনা খাতুনের বসতবাড়ি ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
গত সোমবার বিকেল ৫ টায় পূর্ব জমি জায়গার বিরোধ থেকে কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন সহ কয়েকজনের বিরুদ্ধে এই ঘরবাড়ি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০২ সাল থেকে মর্জিনা খাতুনের স্বামী আব্দুর রাজ্জাক গাজী ৩০ শতাংশ জমির মধ্যে ২১ শতাংশ ক্রয় করেছিলেন এবং বাকি ৯ শতাংশের বায়না পত্র করেছিলেন। মর্জিনা খাতুন ওই জমি ভোগ দখল করছিলেন। পরে আব্দুল ওহাবের মৃত্যুর পর তার ছেলে মাহমুদুল হাসান সুজন ওই ৯ শতাংশ জমির বায়না পত্র অস্বীকার করেন।
মর্জিনা খাতুন বলেন, “বিকেলে হঠাৎ যুবদলের নেতা-কর্মীরা বসতবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেছে। আমি একজন বিধবা মহিলা, বাড়িতে একাই থাকি এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত মাহমুদুল হাসান সুজন বলেন, “এ ঘটনা কোনো দলীয় বিষয় নয়। এটি আমার দাদার সম্পত্তি। দুই শতক জমি তারা কিনেছিল এবং ৯ শতক জমি ভাড়া চুক্তি অনুযায়ী নেওয়া হয়েছিল। দীর্ঘদিন তারা ভাড়া দিচ্ছে না। সম্প্রতি আমরা বৈধ প্রক্রিয়ায় জমির দখল নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।”
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম বলেন, “মর্জিনা খাতুন অভিযোগ করেছে যে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে; না পারলে মামলা রেকর্ড করা হবে।”