প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:১৫ পিএম আপডেট: ১৯.০৮.২০২৫ ২:১৯ PM

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভের পর সাড়ে ১২টায় সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নিয়েছেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়েছে।
জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা বলছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তাঁরা বিচারকদেরও অপসারণ দাবি করেন।
এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে জুলাই শহীদ পরিবার ও আহতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জুলাই শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, ‘এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি। সরকার বিচারের নামে তামাশা করছে। আসামিরা টাকারর বিনিময়ে জামিন নিচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিচ্ছেননা।’
শহীদ তায়িমের ভাই রবিউল আউয়াল বলেন, ‘আমরা এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।’
শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, ‘আজকে একটি বছর তাঁরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তারা তাঁদের সঙ্গে প্রহসন করছে।’
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি তাঁরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। কিন্তু অবরোধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম