প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৩৫ AM

পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
গত শনিবার দিবাগত রাতে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই নেতার নাম মো. এহসান হিরণ (৪০)। তিনি বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১৭ আগস্ট) এহসান হিরণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন। ওই সময় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহসান হিরণ এলাকায় আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় তিনি এলাকায় বিতর্কিত হয়ে পড়েন এবং পরবর্তীতে আত্মগোপনে চলে যান।
ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর প্রকাশ্যে আনন্দ-উল্লাস করেছিলেন হিরণ। এ জন্য স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাঁকে পুলিশে দিয়েছে। আমরা তাঁর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, ‘ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় আনে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ (গতকাল) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম