প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:৫১ পিএম

বিশ্ব ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের বাগদান নিয়ে যখন ইন্টারনেট সরগরম, ঠিক তখনই বলিউড অভিনেত্রী বিপাশা বসু শেয়ার করলেন রোনালদোর সঙ্গে কাটানো এক পুরনো স্মৃতি। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ জানায়, সম্প্রতি বিপাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পর্তুগালের লিজবনে এক অনুষ্ঠানে তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে বিপাশা লিখেছেন, “আইকনিক স্টেজ মোমেন্ট: বিপাশা বসু উইথ রোনালদো।”
শুধু তাই নয়, অনুষ্ঠানের আফটার পার্টিতেও রোনালদো ও বিপাশার দেখা হয়েছিল। সেই সময় একটি ছবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ছবিতে দেখা যায়, রোনালদো ঝুঁকে বিপাশার দিকে আসছেন, যা অনেকেই ভুলভাবে ‘চুম্বন’ ভেবে নেন। তখন বিপাশা ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে। গুঞ্জন ওঠে, সেই ছবির কারণেই তাদের সম্পর্কে ফাটল ধরে।
তবে পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে বিপাশা বিষয়টি পরিষ্কার করে বলেন, ছবিটি আসলে চুম্বনের নয়, বরং পার্টির উচ্চ শব্দে কথা বলার জন্য রোনালদোকে তার দিকে ঝুঁকতে হয়েছিল। সেটিই ভুলভাবে ব্যাখ্যা হয়েছিল।
রোনালদোর সাম্প্রতিক বাগদানের পর হঠাৎ করে বিপাশার সেই ভিডিও প্রকাশ করাকে অনেকেই নানা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
এদিকে দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। জর্জিনা ইনস্টাগ্রামে আংটির ছবি প্রকাশ করে লিখেছেন, “হ্যাঁ, এই জীবন আর পরের সব জীবনে তোমাকেই চাই।”
রোনালদো ও জর্জিনার প্রথম দেখা হয় ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে। বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা—ক্রিস্টিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা ও বেলা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ