প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৬:৩৪ পিএম

চিত্রনায়িকা পরীমনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে তাঁর ছেলে জ্বরে আক্রান্ত হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা মা–ছেলেকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।
পরীমনির ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ নিতে হচ্ছে তাঁকে। বর্তমানে শ্বাসকষ্ট কিছুটা কমলেও প্রচণ্ড জ্বর ও শরীরব্যথায় কষ্ট পাচ্ছেন। চিকিৎসকেরা ওষুধ দিয়েছেন এবং আরও কিছু দিন হাসপাতালে থাকতে বলেছেন।
হাসপাতালে অবস্থার কথা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান পরীমনি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, বিস্তারিত পরে জানাবেন।
এরই মধ্যে পরীমনি নতুন চলচ্চিত্র ‘গোলাপ’–এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। সামছুল হুদা পরিচালিত রাজনৈতিক থ্রিলারধর্মী এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন নায়ক নিরব। ছবিতে পরীমনির চরিত্রের নাম ‘ডানা’, যিনি নাচবেন, প্রেম করবেন এবং লড়াইও করবেন।
পরীমনি বলেন, ‘অনেক দিন পর এমন ভিন্নধর্মী গল্পের ছবিতে কাজ করতে যাচ্ছি। আমার চরিত্রে অনেক টুইস্ট আছে। আশা করি দর্শক নিরব ও আমাকে পছন্দ করবেন।’
এর আগে তিনি সাইমন সাদিকের সঙ্গে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ শেষ করেছেন, যার শুটিং কয়েক ধাপে প্রায় দুই বছর ধরে চলেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ