
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের চিকিৎসকদের অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অযথা চিকিৎসা বন্ধ করার প্রসঙ্গে দেয়া মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘অবমাননাকর’ হিসেবে নিন্দা ও প্রতিবাদ করেছে।
শনিবার (১৬ আগস্ট) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
ড্যাব নেতারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করা চিকিৎসকদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগকে হেয়প্রতিপন্ন করেছে। এটি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা সংকুচিত করতে পারে।’
তারা আরও জানান, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামীণ ক্লিনিক থেকে শহরের ব্যস্ততম হাসপাতাল পর্যন্ত নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। কোভিড-১৯ মহামারি, ডেঙ্গুসহ নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন; কেউ কেউ প্রাণও হারিয়েছেন। তবুও চিকিৎসকরা তাদের সেবা ও মানবিকতার পথ থেকে কখনো পিছপা হননি।
ড্যাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকরা স্বেচ্ছাসেবামূলকভাবে জনতার পাশে দাঁড়িয়েছিলেন। চাকরি হারানো ঝুঁকি, পুলিশি হয়রানি ও নানা চাপ সত্ত্বেও চিকিৎসকরা আহতদের চিকিৎসা প্রদান করে মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন। অথচ গণঅভ্যুত্থানে চিকিৎসকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও সরকারের একজন উপদেষ্টা তাদের অপমান করেছেন, যা এক বিরাট অন্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে তা তথ্যনির্ভর ও সম্মানজনক হতে হবে। পুরো চিকিৎসক সমাজকে অযথা বদনাম করা হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমান করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং ভবিষ্যতের মেধাবী তরুণদের চিকিৎসা পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তারা আরও বলেন, আমরা আসিফ নজরুলকে আহ্বান জানাচ্ছি- মন্তব্য পুনর্বিবেচনা করুন এবং জনস্বার্থে একটি ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ করুন। ড্যাব চিকিৎসাসেবার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করে যাবে। আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
বিবৃতিতে চিকিৎসক সমাজের মর্যাদা, তাদের আত্মত্যাগ ও পেশাগত দায়বদ্ধতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ড্যাব নেতারা।
স্বদেশ প্রতিদিন/এমএম