প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৩৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে শনিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার মূল কারণ হলো মোবাইল এবং মাদক।
তিনি বলেন, যদি সন্তানদের এসব থেকে দূরে রাখা না যায়, তাহলে পরিবারে ধ্বংস ঘটে এবং তারা বড় ধরনের অন্যায় ও অপরাধে জড়িত হয়।
তিনি অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি সন্তানদের মাদক ও মোবাইল থেকে দূরে রাখার গুরুত্বের ওপর জোর দেন।
বোরহান উদ্দিন বলেন, সমাজে ভালো মানুষ গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা, বিশেষত মেয়েদের শিক্ষায় গুরুত্ব দেওয়া। একটি ভালো মা ভালো সন্তান জন্ম দিবে, যা সমাজ ও দেশের জন্য ফলপ্রসূ হবে।
কলেজের উন্নয়নে অধ্যক্ষ ও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এবং অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতাও অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক। শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ আতাউল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মজুমদারও বক্তব্য রাখেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ