প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:২১ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে শনিবার আনুমানিক ২ হাজার ৫শ’ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এ পাথর উদ্ধার করা হয়।
অভিযানকালে বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশে লুট হওয়া পাথরগুলো জব্দ করা হয়। ইউএনও রতন কুমার অধিকারী জানিয়েছেন, “উদ্ধারকৃত পাথরগুলো সঠিক জায়গায় ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
একই দিনে সকাল থেকে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত পাথরের অর্ধেক ইতোমধ্যেই সঠিক স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকি অংশও প্রতিস্থাপনের প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ