প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৩৭ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৮:৪৪ PM

সংগৃহীত ছবি
আওয়ামী লীগ দুঃশাসন আমরা পেরিয়ে এসেছি। দেশের অনেক মতের ও ধর্মের মানুষ বসবাস করে। সকলেই বাংলাদেশের পতাকাতলে বাংলাদেশি পরিচয়ে থাকবো। এর চেয়ে বড় পরিচয় আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
আজ শনিবার (১৬ আগস্ট) বিকালে নগরকান্দা পৌরসভার কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে উপজেলা
পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত
শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন।
আমরা সাম্যের রাজনীতি করি উল্লেখ করে তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতির সাথে সকলে সমানভাবে নগরকান্দা
সালথার মাটিতে বসবাস করবো। শিক্ষা-স্বাস্থ্যসহ রাষ্ট্রীয় সকল বিষয়ে সকলে
সমান সুবিধা পাবে। এ দেশ আমাদের সবার।”
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে হিন্দুদের জমি দখল করা হয়েছে। পূজা মন্ডপে হামলা হয়েছে। বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির কোনো চেতনা ছিল না। একটাই চেতনা ছিলো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা। আওয়ামী লীগ সব সময় আপনাদের (হিন্দুদের) জুজুর ভয় দেখিয়েছে। তারা হিন্দুদের জুজুর ভয় দেখিয়ে বলেছে, নৌকায় ভোট না দিলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। এই জুজুর ভয় থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। আমি আপনাদের বোন হিসাবে আপনাদের পাশে সারা জীবন সুখে দুঃখে থাকবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের রনদা প্রসাদ ও গোসাই দাস প্রমুখ।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর আমরা নিষ্পেসিত হয়েছি। আমি প্রতি বছর (আওয়ামী লীগের দুঃসময়ের আমলে) আপনাদের (হিন্দুদের) অনুষ্ঠানে আসার চেষ্টা করেছি। যখনই চেষ্টা করেছি তখনই এ এলাকার বিনা ভোটের এমপি পুলিশ দিয়ে আমার নেতাকর্মীদের, হিন্দু ভাই-বোনদের হয়রানি করেছে। আমি যাতে আসতে না পারি, আমি যাতে আনন্দ ভাগাভাগি না করতে পারি, সেই চেষ্টা তারা করেছে।
তিনি আরো বলেন, বিএনপি কখনও কোনো মানুষের উপর নির্যাতন সমর্থন করে না।
খুন-গুম সমর্থন করে না। আওয়ামী লীগ যাকে ইচ্ছা তাকে মেরেছে, খুন করেছে, গুম
করেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভাই-ভাই, বোন-বোন হয়ে থাকতে পারি, আজকের
দিনে এই প্রতিজ্ঞা করতে হবে।