প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:১১ AM

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ৬ আগস্ট থেকে শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশেষ ফিটনেস ক্যাম্প, যা শেষ হয়েছে গত বুধবার।
একদিন বিরতির পর আজ শুক্রবার দুপুর থেকে মাঠে নেমে শুরু হবে টাইগারদের মূল স্কিল অনুশীলন, যা আগামী কয়েকদিন ঢাকাতেই চলবে।
আজ দুপুর ২টা থেকেই লিটন কুমার দাসদের অনুশীলন শুরু হবে। এদিনই প্রথমবার দলের সঙ্গে কাজ করবেন নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ১৮ আগস্ট ঢাকায় অনুশীলন শেষ করে টাইগাররা সিলেটে যাবেন। সেখানে একদিন বিশ্রামের পর ২০ আগস্ট থেকে লাক্কাতুরা মাঠে আবারও অনুশীলনে ফিরবেন তারা।
ফিটনেস ক্যাম্প চলাকালীন কোচিং স্টাফদের মধ্যে একমাত্র নাথান কেলিই সরাসরি দায়িত্ব পালন করেছেন, বাকিরা ছিলেন ছুটিতে। প্রধান কোচ ফিল সিমন্স আজ ঢাকায় ফেরার কথা রয়েছে এবং আগামীকাল থেকে অনুশীলনে যোগ দেবেন তিনি।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। তারা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজটাই হবে লিটনদের জন্য এশিয়া কাপে যাওয়ার আগে শেষ প্রস্তুতি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ