প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:১২ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুলিশি সেবা জনগণের দোরগোড়ে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে। ১০ আগস্ট থেকে রাজধানীর সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে কেউ ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিডি করতে গুগল প্লে স্টোর থেকে Online GD অ্যাপ ডাউনলোড করে স্মার্টফোনের মাধ্যমে নির্দেশনা অনুসারে আবেদন করা যাবে। আবেদনকারী প্রতিটি জিডি করার পর একটি জিডি নম্বর পাবেন এবং জিডির হালনাগাদ তথ্য অনলাইনে জানতে পারবেন। আবেদনকারীর মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা হয়, ফলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।
ডিএমপি জানায়, অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং নাগরিকদের সময় সাশ্রয় হবে। এছাড়া জিডির ভিত্তিতে পুলিশের নেওয়া কার্যক্রম সম্পর্কেও সহজে তথ্য পাওয়া যাবে, যা নাগরিক জীবনে স্বস্তি বয়ে আনবে।