প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি
নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা করার সময় নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) নরওয়ের বাণিজ্য বিষয়ক দৈনিক ডাগেন্স নেয়ারিংসলি এর প্রতিবেদন উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোতে অবস্থানকালে হঠাৎ করেই ট্রাম্প তাকে ফোন করেন। তখন শুল্ক ও নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশ শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও একাধিকবার দাবি করেছেন, নরওয়ের এই পুরস্কারের জন্য তিনি যোগ্য।
প্রতিবেদনে আরও বলা হয়, এটি প্রথমবার নয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে এর আগেও নোবেল প্রসঙ্গে কথা বলেছেন ট্রাম্প।
স্টলটেনবার্গ জানান, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে বৈঠকের আগে বাণিজ্য শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলতেই ট্রাম্প কল করেছিলেন। তবে নোবেল প্রসঙ্গ উঠেছিল কি না, সে বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তিনি।
এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় ও নোবেল কমিটি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই নরওয়ের পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় হোয়াইট হাউস। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য আরোপিত শুল্কের সঙ্গেই এই হার সমান রাখা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নরওয়ে।
সূত্র: রয়টার্স