প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:২৭ পিএম

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও ২৩ জনকে ঠেলে দিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের মেইন পিলার ৭৫৭-এর ২নং সাব-পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কামালের বরাত দিয়ে জানা যায়, হাড়িভাসা বাজারের নিরাপত্তা প্রহরী ও একজন গ্রাম পুলিশ অপরিচিত কয়েকজন নারী ও পুরুষকে দেখে সন্দেহ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারত থেকে আসার তথ্য জানা যায়। এরপর তাদের হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। বিজিবি খবর পেয়ে এসে ২৩ জনকে আটক করে ঘাগড়া সীমান্তফাঁড়িতে নিয়ে যায়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) সকালে স্থানীয়রা সীমান্ত দিয়ে ঢুকতে গিয়ে ঠেলে পাঠানো এই ২৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা।
পঞ্চগড়ে গত তিন মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ মোট ১১ দফায় ১৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “আটককৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং পরিচয় যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ