প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৩১ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ২:৪১ PM

মানিকগঞ্জ পৌরসভার ৯-নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. উজ্জল হোসেনের খামার থেকে অস্ত্রের মুখে ৫ টি দামী গরু লুট করেছে দুর্বৃত্তরা। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে পৌরসভার নয়াকান্দি এলাকায় অবস্থিত তার ‘জামেলা ডেইরি ফার্মে’ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীদের বরাতে জানা গেছে, ১০ থেকে ১৫ জনের একটি দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে খামারে ঢুকে পড়ে। তারা কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে জিম্মি করে সবুজ রঙের একটি বড় পিকআপে করে গরুগুলো নিয়ে যায়।
উজ্জল হোসেন জানান, খামারের পাশেই তার বসতবাড়ি। ঘটনাস্থল থেকে একটি বকনা বাছুর দৌড়ে বাড়ির উঠানে এসে ডাকতে শুরু করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। খামারের দিকে ছুটে গেলে তারা লুটকারীদের গাড়ি শহরের দিকে চলে যেতে দেখেন, তবে অস্ত্রের ভয়ে কেউ বাধা দেওয়ার সাহস পাননি। ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর থানায় খবর দেওয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং লুটকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম