প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৮:৪০ PM

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে ফরিদপুর চিনিকলের সদরদপ্তর ও বিভিন্ন মিল/প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের জন্য চারদিনব্যাপী বিশেষ চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ শনিবার শুরু হয়ে মঙ্গলবার বিকেলে মধুখালীর চিনিকলের প্রশিক্ষণ ভবনে সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চিফ অব পার্সোনাল শাহ্রীনা তানাজ। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ) সেলিনা আক্তার কোর্স পরিচালনা করেন এবং সদর দফতরের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আসিফ মামুন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এর বিধানাবলী, দরপত্র মূল্যায়ন, অনুমোদন, চুক্তি প্রণয়ন, টেন্ডার আহবান পদ্ধতি, বাছাইকরণ, তুলনামূলক বিবরণী প্রস্তুতি, কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত শিক্ষা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ