প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১:১৬ AM

সংগৃহীত ছবি
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে রদ্রিগোর গুরুত্ব কমে গেছে ক্লাবটিতে। সময়ের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। কিছুদিন আগে রদ্রিগো রিয়াল ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে ম্যানচেস্টার সিটি তাকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল, কিন্তু রিয়াল তখন তাকে ছাড়তে রাজি হয়নি।
রিয়ালের নতুন কোচ জাবি আলোনসো দলের স্কোয়াড পুনর্গঠন করছেন। এর অংশ হিসেবে শিগগিরই ৫ ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেবে ক্লাব, যার মধ্যে রয়েছে রদ্রিগো ও এন্দ্রিক। অন্যদিকে ম্যানচেস্টার সিটিও নতুন মৌসুমে বদলে যাওয়ার পরিকল্পনায় রয়েছে। স্যাভিনহোর ভবিষ্যৎ সিটিতে অনিশ্চিত, তার জায়গায় নতুন কাউকে চাইছে ক্লাব।
স্যাভিনহোর পাশাপাশি গ্রিলিশও শিগগিরই সিটি ছাড়তে পারেন। সংবাদমাধ্যম বলছে, গ্রিলিশ এভারটনে যোগ দিতে যাচ্ছেন এবং স্যাভিনহোকে দলে নিতে আগ্রহী টটেনহ্যাম প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। এই অবস্থায় আবারও রদ্রিগোর ম্যানচেস্টার সিটিতে যোগদানের গুঞ্জন ফিরে এসেছে।
পেপ গার্দিওলা রদ্রিগোর বড় ভক্ত এবং গত মৌসুমেও তাকে দলে নিতে চেয়েছিলেন, কিন্তু রিয়াল ছাড়তে রাজি ছিল না। এবার কোচ বদলায় জাবি আলোনসো দায়িত্ব নেওয়ায় রিয়াল রদ্রিগোকে ছাড়তে প্রস্তুত বলে জানা গেছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর, রদ্রিগো যদি নিজে যেতে চান, তবে রিয়াল তাকে যেতে দেবে এবং ক্লাব ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করতে চাইছে। যদি সিটি স্যাভিনহো বিক্রি করে, তাহলে তাদের জন্য নতুন খেলোয়াড় আনার পথও খুলে যাবে।
আগেও রদ্রিগোকে নিতে লড়াই করছিল আর্সেনাল ও লিভারপুল। আর্সেনাল এখনো তাকে নিতে আগ্রহী, তবে লিভারপুল নিজেদের সরিয়ে নিয়েছে। এখন অপেক্ষা রদ্রিগোর পরবর্তী গন্তব্য কোথায় হবে।