প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৫৯ পিএম

আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস অনুযায়ী, এ বন্যায় ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হতে পারে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২০ সালের পর থেকে দেশে প্রকৃত অর্থে বড় কোনো বর্ষাকালীন বন্যা হয়নি। ২০২২ সালে সিলেট বিভাগ ও ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল, তা পাহাড়ি ঢলজনিত ছিল। কিন্তু স্বাভাবিক বর্ষাকালীন বন্যা বলতে বোঝানো হয় ভারতের গঙ্গা অববাহিকা হয়ে পদ্মা নদীর মাধ্যমে উপকূলবর্তী জেলা প্লাবিত হওয়া এবং তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ডুবে যাওয়া।
আবহাওয়াবিদ পলাশের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের বন্যা পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী জেলাগুলোতে ১৫ আগস্টের পর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে দেখা দিতে পারে। তিনি আরও জানান, বড় বন্যার এই সম্ভাবনা নিয়ে তথ্য-প্রমাণ ও বিশ্লেষণসহ বিস্তারিত একটি গবেষণাধর্মী প্রতিবেদন ‘আবহাওয়া ডটকম’-এ প্রকাশিত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ