প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১১:০৪ AM

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলোর পাশাপাশি এবার সাধারণ জনগণও সরকারি ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে পারবেন। আজ রোববার (১০ আগস্ট) থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন মহানগর ও জেলায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে ৬০ টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) এবং চট্টগ্রাম মহানগরীতে ২৫ টি, গাজীপুর মহানগরীতে ৬ টি, কুমিল্লা মহানগরীতে ৩ টি, ঢাকা জেলায় ৮ টি, কুমিল্লা জেলায় ১২ টি, ফরিদপুর জেলায় ৪ টি, পটুয়াখালী জেলায় ৫ টি ও বাগেরহাট জেলায় ৫ টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয়ের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।
এতে জানানো হয়, ভোক্তা প্রতি ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে।
সে অনুযায়ী, একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মশুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা।
স্বদেশ প্রতিদিন/এমএম