প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:৪১ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৬:৫৯ PM

পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ চলাচল চালু হলেও, পন্টুনবিহীন কাঁচা ঘাট দিয়ে যাত্রী ওঠানামা করায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (৯ আগস্ট) পাটুরিয়া ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মূল লঞ্চঘাট ভেঙে যাওয়ার পর ২ নম্বর ফেরিঘাটে অস্থায়ীভাবে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু র্যাম্প সরে গিয়ে সেই ঘাটও বন্ধ হয়ে যায়। প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ফেরিঘাটের পশ্চিমে নদীর পাড়ে একটি কাঁচা ঘাট তৈরি করে লঞ্চ চলাচল পুনরায় চালু করা হয়।
লঞ্চ মালিক সমিতির নেতা উজ্জ্বল ফকির জানান, বিকল্প ঘাটের নিচ থেকে মাটি সরে যাওয়া এবং র্যাম্পের তার ছিঁড়ে যাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ হয়েছিল। পরে ঝুঁকি নিয়ে চালু করা হলেও যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। দ্রুত পন্টুন স্থাপন ও ঘাট মেরামতের দাবি জানান তিনি।
যাত্রীদের অভিযোগ, কাঁচা ঘাটে ওঠানামার সময় মাটি ভেঙে পড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আতঙ্কে থাকছেন। খোলা স্থানে ঘাট হওয়ায় নিরাপত্তাহীনতাও রয়েছে।
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ‘প্রবল স্রোতের কারণে দুটি ঘাট ভেঙে গেছে। ১ নম্বর ফেরিঘাট মেরামতের কাজ চলছে, শিগগিরই লঞ্চঘাট চালুর চেষ্টা করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম