প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৪২ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৫:৫৭ PM

সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ সময় রিয়াজ উদ্দিনকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দিন ও মিনহাজ উদ্দিনকেও আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে রিয়াজ উদ্দিন ভারতে পালানোর চেষ্টা করেন। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে আটক করে টাকা ছিনিয়ে নিয়ে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে। শনিবার দুপুরে খবর পেয়ে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ রিয়াজকে ধরে পুলিশে দেয়।
খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রিয়াজ উদ্দিন ও তার সহযোগী দুই দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। স্থানীয়রা আটক ব্যক্তিদের পুলিশে দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর