প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:০৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে বক্তব্যের মাধ্যমে আর জাতিকে বিভক্ত করা চলবে না।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি সিএইচটিআরএফ আয়োজন করে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। তাই স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে আর জাতিকে বিভক্ত করা যাবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে বৈষম্যহীন, শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”
বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি বড় হুমকি বলে উল্লেখ করে তিনি বলেন, “এই ভূখণ্ডকে ঘিরে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং বুদ্ধিজীবী মহলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
আলোচনাসভার সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ, যিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিস্তারিত ধারণা প্রদান করেন।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ