প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১:৫৫ পিএম

পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটি তাদের আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।
শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়। সংগঠনটির স্লোগান একটাই- ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে।’
সভায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস চবি শাখার সভাপতি নূর মোহাম্মদ সাগর, সাধারণ সম্পাদক রাফি সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভায় আগামীর কর্মসূচি, নতুন সদস্য সংগ্রহ এবং ক্যাম্পাসে পরিবেশবান্ধব কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সাধারণ সম্পাদক রাফি সরকার বলেন, ‘গ্রীন ভয়েস শুধু পরিবেশ রক্ষার কাজই করে না, বরং আমাদের সদস্যরা নেতৃত্ব, বিতর্ক, পাবলিক স্পিকিংসহ নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়। আজকের সভায় আমরা চবি শাখাকে আরও সক্রিয় করার পরিকল্পনা গ্রহণ করেছি।’
সভাপতি নূর মোহাম্মদ সাগর বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ইতোমধ্যে ডাস্টবিন স্থাপনসহ বেশ কিছু পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে নতুন সদস্য সংগ্রহ এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করবে।’
সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, খুব শিগগিরই চবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।
গ্রীন ভয়েস একটি অরাজনৈতিক, স্বাধীন ও স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন। এটি দেশের তরুণদের নিয়ে কাজ করছে পরিবেশ রক্ষা, সচেতনতা সৃষ্টি, এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে। সংগঠনটি খেলার মাঠ, নদী-নালা, খাদ্যে ভেজাল প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম