প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:৪৪ পিএম

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি—একাধারে অভিনেত্রী ও মডেল হিসেবে দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনজগতে কাজ করে দর্শকদের মন জয় করে চলেছেন। যদিও চলচ্চিত্র দিয়ে শুরু, নিয়মিত তিনি কাজ করছেন টেলিভিশন নাটকে। কিন্তু এই পথচলা মোটেও ছিল না সহজ বা নির্বিঘ্ন। সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও কঠিন মুহূর্তে নিজেকে সামলে নেওয়ার অনুপ্রেরণার গল্প।
সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের পেশাগত জীবনের চ্যালেঞ্জ ও ব্যক্তিগত অনুভবের কথা তুলে ধরেন তিনি।
তানিয়া অভিনয় করেছেন ‘জয়িতার দিনরাত্রি’ নামের একটি নাটকে, যার গল্প ও চরিত্র তার ব্যক্তিজীবনের সঙ্গে গভীরভাবে মিলে যায় বলে জানান। আওরঙ্গজেবের রচনায় এবং তুহিন হোসেনের পরিচালনায় নির্মিত এই নাটকে জয়িতা চরিত্রে তার অভিনয় ছিল বাস্তব জীবনের প্রতিবিম্বের মতো।
তানিয়া বলেন, “জয়িতা যতটা চড়াই-উতরাই পেরিয়ে এসেছে, আমি হয়তো ততটা পারিনি, কিন্তু আমার নিজের ক্যারিয়ারেও অনেক বাধা পেরোতে হয়েছে। অনেকবার ভেঙে পড়েছি, কিন্তু কখনো হেরে যাইনি।”
তিনি আরও বলেন, “এমনও হয়েছে, কোনো কাজের জন্য আমাকে ডেট দেওয়া হয়েছে, আমি অন্য কাজ বাতিল করেছি। কিন্তু হঠাৎ বলা হয়েছে কাজটি হবে না—কারণ হয়তো নায়ক চায়নি বা অন্য কোনো অজুহাত। এমন পরিস্থিতি বহুবার এসেছে।”
আবেগময় হয়ে বললেন, “কখনো এমন হয়েছে—পরিবারের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আমি ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়েছি, যাতে কান্নার শব্দ কেউ না শুনতে পারে। সেসব কঠিন সময় পার করে আমি আজকের জায়গায় পৌঁছেছি। জয়িতার চরিত্র করতে গিয়ে সেই সংগ্রামের স্মৃতি বারবার মনে পড়েছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ