প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:০৬ পিএম

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ের কানারামপুর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলটি মাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পশ্চিম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, “আজকের এই জনসমাগম প্রমাণ করে নান্দাইলের মাটিতে আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই। এখানকার মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস রাখে। তরুণদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে পড়ে, সেটাই আমাদের লক্ষ্য।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদির।
বিজয় মিছিল ও সমাবেশে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ