প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:২১ পিএম

হাতিয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে আ.লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আহসান উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা সদর ওছখালী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আহসান উদ্দিন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বেজুগালিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলরও তিনি।
থানা সূত্রে জানা যায়, ৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীকে নিয়ে গোপনে বৈঠক করছিলেন আহসান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “আটক আহসানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে এ মামলায় আগামীকাল আদালতে পাঠানো হবে।”