প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি
রপ্তানি কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট পূর্বের সব নির্দেশনা একত্রে সংকলিত হয়েছে, ফলে এখন থেকে একটি নির্দেশনার মাধ্যমেই রপ্তানিকারক ও অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় সব তথ্য ও দিকনির্দেশনা পাবে।
৩১ জুলাই জারিকৃত এই সার্কুলার সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে এবং তা এক বছরের জন্য কার্যকর থাকবে।
নতুন মাস্টার সার্কুলারে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক থেকে রপ্তানি, ওপেন অ্যাকাউন্টের আওতায় লেনদেন, ই-কমার্স ও ডিজিটাল সেবা রপ্তানি, অন্ট্রাপো ট্রেড, মার্চেন্টিং ট্রেড ও কাউন্টার ট্রেডসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি রপ্তানি লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে স্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে রপ্তানির নীতিমালা জানতে একাধিক সার্কুলার খুঁজতে হতো, যা অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করত। তবে এবার সব নির্দেশনা এক জায়গায় থাকায় রপ্তানিকারক ও ব্যাংকগুলোর জন্য নিয়ম মেনে দ্রুত ও সহজে লেনদেন করা সম্ভব হবে।
একজন শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নির্বাহী বলেন, “নতুন মাস্টার সার্কুলারের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতা দূর হয়েছে। এখন একটি নির্দেশনাতেই সব পাওয়া যাচ্ছে, যা ব্যবসা পরিচালনায় কার্যকর সহায়তা দেবে।”
বিশেষভাবে ই-কমার্স ও তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাতকে অন্তর্ভুক্ত করায় এটিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।
খাত সংশ্লিষ্টদের মতে, রপ্তানির মতো আমদানি, বৈদেশিক ঋণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ নিয়েও যদি এমন মাস্টার সার্কুলার প্রণয়ন করা হয়, তবে দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মিলিয়ে দেশের রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক ও সক্রিয় করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।