প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১২:৫২ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ২:৫৯ PM

গাজীপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া সাতটি গরু উদ্ধার করা হয়।
রবিবার (০৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
এর আগে শনিবার ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর ও বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা এলাকার মো. আওয়াল মোল্লার ছেলে বাবু মোল্লা (৩৩), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দেওয়ান টারুটিয়া এলাকার কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৪৩), একই এলাকার আমজাদ মোল্লার ছেলে ফজলুল হক (৪৮) ও পার্শ্ববর্তী গালা এলাকার গফুর সরদারের ছেলে শফিকুল সর্দার (৩৮)।
ডিবি পুলিশ জানায়, শনিবার ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন কোনাবাড়ি এলাকায় প্রথম দফায় অভিযান চালিয়ে বাবু মোল্লা ও আল আমিন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফজলুল হক ও শফিকুল সরদারকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার চোর দলের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত গরু এবং গ্রেপ্তার আসামিদের গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে