প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৪১ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) আখাউড়া উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।এছাড়াও তাদেরকে অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে। এসএসসি ১০ হাজার এবং এইচএসসি ২৫ হাজার টাকা করে পেয়েছে। এ টাকা ছাত্রছাত্রীদের নিজ নিজ একাউন্টে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জি. এম. রাশেদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। ২০২২ ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত ৩৬ জনকে পুরস্কৃত করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তৌহিদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেষ মাহফুজুর রহমান, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার রায়, আমোদাবাদ শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেক, টনকী ছাদেকুল উলুম মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. জহিরুল হক ভূইয়া, আখাউড়া টেকনিক্যাল আলীম মাদরাসার শিক্ষক, সহকারী প্রোগ্রামার জিসান আহমেদ, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, অভিভাবক মাসুদ মিয়া, কৃতি শিক্ষার্থী স্বর্ণা অবন্তি পাল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসার প্রধানগণ, অভিভাবক বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এসএমসির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সকল বিষয়ে গুরুত্বসহকারে পাঠদান করাতে হবে। শিক্ষার মান উন্নয়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে