প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৮:০১ PM

হবিগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার আওতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বাহুবল উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে বাহুবল কলেজ গেইটের সামনে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাসুম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সালেহ আহমেদ আবিদ।
বক্তব্য রাখেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, মাতৃচায়া কেজি অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মঙ্গল রায়, অভিভাবক আব্দুর রকিব, মিয়া মোহাম্মদ সিজিল, বিল্লাল মিয়া এবং মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এম. সামছু উদ্দিনসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।