প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:১৮ পিএম

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাজনিম জ্যোতির (৩২) লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে গাজীপুরের বাঁশপট্টি এলাকার একটি বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জ্যোতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত রবিবার চিকিৎসার জন্য টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে যান তিনি। সেসময় হঠাৎ প্রবল বৃষ্টিপাতে রাস্তায় জমে থাকা পানির নিচে থাকা খোলা ম্যানহোলে পড়ে যান এবং নিখোঁজ হন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘ঘটনাস্থলের ম্যানহোলটি ছিল প্রায় ১০ ফুট গভীর। বৃষ্টির পানিতে পুরোপুরি তলিয়ে যাওয়ায় সেটি চোখে পড়েনি। আজ সকালে আমাদের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।’
স্বদেশ প্রতিদিন/এমএম