প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৯:৩০ PM

বেড়িবাঁধ ভেঙে প্লাবিত কয়েক গ্রাম
টানা ভারী বৃষ্টিপাত ও লোহালিয়া নদীতে অস্বাভাবিক জোয়ারের স্রোতের কারণে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত চারটি গ্রামের শতাধিক ঘরবাড়ি ও কাঁচা রাস্তা ডুবে গেছে।
স্থানীয়রা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ও নদীর স্রোত বেড়ে মুরাদিয়ার উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়ায় পাঁচটি পয়েন্ট দিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত প্রায় বন্ধ।
মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, “বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন সড়ক ও দক্ষিণ মুরাদিয়ার হাওলাদারবাড়ি এলাকায় ভেঙে পড়া বাঁধ দিয়ে প্রচণ্ড জোয়ারের পানি ঢুকে ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত করছে। রোপা আমনের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”
তিনি আরো বলেন, “পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। তবে পানি না নামলে সংস্কারকাজ সম্ভব নয়। পানি নামার পর দ্রুত কাজ শুরু না হলে বড় ধরনের ফসলহানির শঙ্কা তৈরি হবে।”
দুমকি ইউএনও আবুজর মো. এজাজুল হক বলেন, “পাউবো’র সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পাউবো’র উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন জানান, ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শনের পর তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, “বাঁধ সংস্কারে বরাদ্দ অনুমোদনের জন্য প্রস্তাবনা ঢাকায় পাঠানো হচ্ছে। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে।”