প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম

শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী
পাবনা সদর উপজেলার কামারগাঁও ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলা চত্বরে নৈশ্য প্রহরী কাবিল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
বিক্ষোভে বক্তব্য দেন কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান খান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, অভিভাবক লিটন প্রমানিক, আব্দুল রাজ্জাক খাঁ এবং নাজমা খাতুন।
বক্তারা বলেন, “বিদ্যালয় নৈশ্য প্রহরী কাবিল সরদার উপবৃত্তির কার্ডের জন্য স্বাক্ষর দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের মায়েদের ফোন করে ডেকে নিয়ে নোংরা প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করতে চাইলে বিভিন্ন সময় হুমকি ধামকি দেয় নৈশ্য প্রহরী। বিগত কয়েক বছর আগে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি এক শিক্ষার্থীর সাথে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপ করলেও তার কোন সুষ্ঠু তদন্ত ও শাস্তি হয়নি।”
এ ঘটনায় অভিভাবকরা একটি ধর্ষণ মামলা করলেও আইনের বেড়াজালে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জামিন নিয়ে আবারও বিদ্যালয়ে নোংরামি ও কু-প্রস্তাব দিয়ে আসছে।
সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন জানিয়ে এই নৈশ প্রহরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
বিক্ষোভ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করব।”