প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:৩৩ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৯:৩৮ PM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি দগ্ধ ৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় আজ শুক্রবার (২৫ জুলাই) দুই জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখন আহত ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ৫ জন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।’
তিনি আরো বলেন, ‘যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের মধ্যে ২ জন নিজে নিজে শ্বাস নিতে পারছেন, তাদের কিছুটা উন্নতি হয়েছে।’
তিনি বলেন, ‘আহত ৪০ জন রোগীর মধ্যে আগামীকাল শনিবার (২৬ জুলাই) ৪ থেকে ৫ জন রোগীকে আমরা ছুটি দিতে পারব বলে আশা করছি।’
ডা. নাসির বলেন, ‘আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সঙ্গে এসব রোগীর বিষয়ে মিটিংয়ে বসেছিলেন। তারা রোগীদের দেখেছেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম