প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৩:০৭ পিএম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। শুক্রবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টায় উপজেলার বাজড়া দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাজড়া শামসুল উলুম মাদরাসা ও এতিমখানা গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় আলফাডাঙ্গার ইউএনও রাসেল ইকবাল, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি (৯)। দুর্ঘটনার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা শাহাবুল শেখ (৪৪)। বাবার দাবির পরিপ্রেক্ষিতে সিএমএইচ থেকে মঙ্গলবার বিকেলে লাশের ডিএনএ পরীক্ষায় করে নিশ্চিত হয় মেয়েটি রাইসা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। রাতেই কফিনে করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে পৌঁছালে শোকে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সকাল থেকেই নিহত রাইসার বাড়িতে আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্না এবং মাতম চলছে।
রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গার বাজড়া গ্রামের শাহাবুল শেখ ও মীম আক্তারের মেয়ে। বাবা-মায়ের স্বপ্ন ছিল সন্তানদের উচ্চশিক্ষিত করে গড়ে তোলার। সেই লক্ষ্যে তারা ঢাকার উত্তরা নয়ানগরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
রাইসা ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে পড়ত। বড় বোন সিনথিয়া (১৪) অষ্টম শ্রেণিতে পড়ে, ছোট ভাই রাফসান মাত্র চার বছরের।
রাইসার চাচা ইমদাদুল শেখ বলেন, ‘এ দুর্ঘটনার পর থেকে রাইসা নিখোঁজ ছিল। আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজখবরের পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার লাশের সন্ধান পাই। তার বাবা পুড়ে যাওয়া মুখমণ্ডল দেখে নিখোঁজ মেয়ে রাইসার বাবা শনাক্ত করেন। গত রাতে বাড়িতে এসেছি। আজ শুক্রবার সকাল সোয়া ৯ টায় জানাজা সম্পন্ন করে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।’
গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান বলেন, ‘রাইসা মনির অকাল মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে হতবিহ্বল হয়ে পড়েছে। এমন কোন মানুষ নেই যে মেয়েটির জন্য কাঁদেনি।’
জানাজায় উপস্থিত আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী রাসেল ইকবাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় রাইসা মনি মারা যায়। এ শোক সয়বার মতো না। আল্লাহ পাক যেন তার বাবা-মাকে মেয়ের শোকে ধৈর্য্য ধরার তৌফিক দেন। আমরা উপজেলা প্রশাসন রাইসা মনির পরিবারের পাশে আছি। আমরা সবাই তার জন্য দোয়া করব।’
স্বদেশ প্রতিদিন/এমএম