প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৩:১০ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৭:১৯ PM

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।
তিনি জানান, বুধবার (২৩ জুলাই) দিনগত রাতে ভারী বৃষ্টিপাতের ফলে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দরাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং প্রায় ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।
নন্দরাম এলাকায় ধসের পরিমাণ সবচেয়ে বেশি। ইতোমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে। ধস সরাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এস্কেভেটর পাঠানো হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সড়কের অন্তত তিনটি স্থানে বড় বড় পাথর ও গাছপালা পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা মাটি সরানোর কাজে অংশ নিচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতি ছাড়া এগুলো সরানো সম্ভব নয়। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন হলে আটকা পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ