সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পুড়ে অঙ্গার ৬ দেহ, দাঁত থেকে মিলবে বাবার পরিচয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাওয়া ছয়টি অগ্নিদগ্ধ মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর হিমঘরে সংরক্ষিত মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে চেহারা, শরীরের গঠন বা পোশাকের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এমন অবস্থায় একমাত্র ভরসা ডিএনএ পরীক্ষাই— যা ইতোমধ্যে শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নিহতদের পরিচয় নিশ্চিত না হওয়ায় স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েই চলছে। চিকিৎসক ও তদন্তকারীরা জানিয়েছেন, মরদেহের অধিকাংশ অংশ দগ্ধ হয়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে চোখে দেখে লিঙ্গ নির্ধারণ করাও সম্ভব নয়।

বিশেষজ্ঞরা বলছেন, অগ্নিদগ্ধ মরদেহে সাধারণত আঙুলের ছাপ থাকে না এবং মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। তবে দাঁত অনেক সময় আগুনে টিকে থাকে, কারণ দাঁতের বাইরের স্তরের এনামেল মানবদেহের সবচেয়ে শক্ত উপাদান। তাই দাঁতের ভেতরের পাল্প টিস্যু থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে শনাক্তকরণ সম্ভব। যদি দাঁতও নষ্ট হয়ে যায়, তবে মরদেহের হাড়ের অভ্যন্তরের অংশ— বোন ম্যারো থেকে ডিএনএ সংগ্রহ করা হবে।

সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি মো. জামশের আলী জানান, ইতোমধ্যে ১১টি অজ্ঞাত মরদেহের খণ্ড থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা সিআইডি ডিএনএ ল্যাবরেটরিতে বিশ্লেষণাধীন। পাশাপাশি সম্ভাব্য ১১ জন নিখোঁজ ব্যক্তির পিতা-মাতা ও নিকট আত্মীয়দের কাছ থেকেও চুল, নখ ও গালের ভেতরের কোষের নমুনা নেওয়া হয়েছে।

ডিএনএ পরীক্ষায় কত সময় লাগবে— জানতে চাইলে ডিআইজি জামশের বলেন, নমুনার মান ভালো হলে ৭ থেকে ১০ দিনের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব। তবে কিছু নমুনা অতিরিক্ত পুড়ে যাওয়ায় কাজ কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিআইডি জানিয়েছে, এখন পর্যন্ত কিছু স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন। নিখোঁজদের অন্য স্বজনদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন দ্রুত সিআইডির মালিবাগ কার্যালয়ে গিয়ে নমুনা প্রদান করেন। এতে শনাক্তকরণ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা যাবে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মমতাজ আরা বলেন, “বিশ্বব্যাপী ডিএনএ পরীক্ষা মরদেহ শনাক্তে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। বাংলাদেশেও এখন এ প্রযুক্তি রয়েছে এবং শতভাগ নির্ভরযোগ্য ফলাফল পাওয়া সম্ভব।”

বর্তমানে ছয়টি অজ্ঞাত মরদেহ সিএমএইচে সংরক্ষিত। সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী বা কর্মচারীদের মরদেহ রাখা হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পুড়ে   অঙ্গার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close