প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬:৪৪ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৬:৪৭ PM

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় তথ্য লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব। দুর্ঘটনা দুর্ঘটনাই।’ সেই সঙ্গে তিনি দেশবাসীকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুলত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
বিমানবাহিনী প্রধান বলেন, ‘পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য। পাইলোটের চেষ্টার কোনো কমতি ছিলো না। তার জীবন উৎসর্গ এটিই প্রমাণ করে।’
তিনি আরও বলেন, ‘একটি শক্তিশালী বিমানবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেনন না।’
বিমানবাহিনী প্রধান বলেন, ‘আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে- সেটিই এখন মূল লক্ষ্য।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমান রক্ষণাবেক্ষণে বিমানবাহিনী কোনো আপস করে না।’
এয়ার চিফ মার্শাল বলেন, ‘দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার কোনো বিষয় না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। এসবের রক্ষণাবেক্ষণ ও মেরামত সব সময় ভালোভাবেই করা হয়।’
স্বদেশ প্রতিদিন/এমএম